EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্নীতিতে ধ্বংস হয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

বৈশ্বিক সংকট ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

দুর্নীতিতে ধ্বংস হয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি
অ অ

দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়ে ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতের এই সংকট কাটিয়ে উঠতে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব সংকট মোকাবিলা এবং অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমবায় খাতের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন