EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, বান্দরবান

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
অ অ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নিহত মো. শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় কয়েকজন কাজে যাওয়ার পথে মানুর ঝিরির মধ্যে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, শরিফ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্বাভাবিক কোনো প্রয়োজনে জঙ্গল পেরিয়ে ওই ঝিরিতে যাওয়ার কথা নয় তার। এ কারণে দুর্গম পাহাড়ি ঝিরিতে তার মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শরিফের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এতে তার মাথায় আঘাত লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন