EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে: শামা

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে: শামা
অ অ

একাত্তরের পরাজিত শক্তি ও গত ১৭ বছরের ফ্যাসিবাদীরা এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা পৌর সদরের শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

বিগত সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, পরাজিত শক্তি গত ১৭ বছর বাংলাদেশকে শোষণ ও শাসন করেছে। মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। এখন আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমিকেরা সব সময় তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছেন। তাদের দাবি পূরণ ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কাজ করছে। তবে ঢাকার বিভিন্ন জায়গায় এখন যা ঘটছে, তা সহিংসতা ও সন্ত্রাসী হামলা। এ ধরনের সন্ত্রাসীদের যেকোনো মূল্যে বাংলাদেশের জনগণ দমন করবে।

শামা ওবায়েদ আরও বলেন, বিদেশে বসে শুধু হুংকার ছাড়লে হবে না। গত ১৭ বছর দুর্নীতি, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এখন বিদেশের মাটিতে বসে নতুন করে মানবাধিকারের কথা বলা হচ্ছে। বিদেশে বসে বাস ও ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে তা বাংলাদেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

সাত নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দিনটি বাংলাদেশের মানুষ, ইতিহাস ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ৭ নভেম্বর ঘটেছিল বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা পেয়েছিল। সে সময় পরাজিত শক্তি দেশকে বিপথগামী করতে এবং অন্য দেশের কাছে বিক্রি করে দিতে গভীর ষড়যন্ত্র করেছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, একজন সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা রক্ষা পেয়েছিল।

সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান জানান তিনি। শামা ওবায়েদ বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বার্থ, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর রহমান টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শরীফ।

আরও পড়ুন