ঠাকুরগাঁওয়ে সড়ক সংস্কারে নিম্নমানের ইটের খোয়া, স্থানীয়দের ক্ষোভ
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
সড়ক সংস্কারে ব্যবহৃত ভঙ্গুর ও মাটিমিশ্রিত ইটের খোয়া।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে কাঁচকালী-হলদিবাড়ি হাট পাকা সড়ক সংস্কারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ৩ হাজার ৩০০ মিটার দীর্ঘ এ সড়কের সংস্কারে সরকারি বরাদ্দ ১ কোটি ৪০ লাখ টাকা। চলমান কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশ প্রশস্তকরণের কাজে ব্যবহৃত খোয়ার বেশির ভাগই ভঙ্গুর, মাটিমিশ্রিত ও বড় বড় টুকরার। স্থানীয়দের অভিযোগ, মানসম্মত খোয়ার বদলে নিম্নমানের ইট ভেঙে তৈরি খোয়া ব্যবহার করা হচ্ছে। এতে সংস্কারের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর সড়কটি সংস্কারের উদ্যোগে তাঁরা আশাবাদী হয়েছিলেন, কিন্তু এ অভিযোগে হতাশা তৈরি হয়েছে।
পথচারী আরমান আলী বলেন, খোয়াগুলো দেখলেই বোঝা যায়, কয়েক বছর ইটভাটায় পড়ে ছিল। সরকারের বরাদ্দের টাকা এভাবে নষ্ট হলে উন্নয়ন হবে কীভাবে? কাঁচকালী বাজারের দোকানদার সিদ্দিক মিয়া বলেন, এমন খোয়ায় এক বছর না যেতেই রাস্তা নষ্ট হয়ে যাবে। তিনি উপজেলা প্রকৌশলীর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মোবারক আলী বলেন, আমি সরকারের কাছ থেকে ১৪ টাকা দরে ইট ক্রয় করেছি। এই ইট না দিয়ে কি ফেলে দেবো নাকি।
৩ নম্বর ইট ব্যবহারের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনুমতি দেওয়া হয়েছে।
উপজেলা কার্য-সহকারী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। বরাদ্দ কত এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৩ হাজার ৩শত মিটার রাস্তায় ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাহাজান আলী বলেন, ৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আমি সাইডে গিয়ে কাজ দেখে ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাসুদুল আলম বলেন, ৩ নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করলে কাজ বন্ধ করে দেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিন পরিদর্শন করে কাজের মান যাচাই করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।