EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গ্রাম পুলিশ সমাবেশে এসে দুইজনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা ও চাকরি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

গ্রাম পুলিশ সমাবেশে এসে দুইজনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা ও চাকরি
অ অ

রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

এ ঘটনায় খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী ঘোষণা দেন, অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মীর শাহে আলম বলেন, সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক সদস্যের পরিবারকে তাৎক্ষণিকভাবে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নিহতদের পরিবারের উপযুক্ত একজন সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং পূর্ণ মর্যাদায় দাফন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন