EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ডেইলি সান রিপোর্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

অ অ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। পরে তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুল ওই গ্রামের লিয়াকত ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুলসহ সাতজন স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়েন। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠে রাবার বুলেটের আঘাত লাগে। এ সময় তার সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে ধরে নিয়ে যান। 

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে তিনি মনিরুলকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার খবর পান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন