দক্ষিণাঞ্চলের অর্থনীতির কেন্দ্র হবে মোংলা বন্দর: নৌপরিবহনমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মোংলা বন্দরকে কেন্দ্র করেই দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার। এর ফলে এ অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
শুক্রবার (৬ নভেম্বর) মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১৫ দিনে দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, বিদ্যমান জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
শেখ রবিউল আলম বলেন, এখন প্রয়োজন স্বস্তি, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তা না হলে বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের সক্ষমতা ও সম্ভাবনা আবারও বাধাগ্রস্ত হতে পারে। তাই মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে।
মোংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এখানে চায়না ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নতুন বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। এ ছাড়া ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ এবং নতুন রেল যোগাযোগ স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মোংলাকে কেন্দ্র করেই দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো এবং ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এর মাধ্যমে এ অঞ্চলে নতুন বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।