মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনুমোদন পেল ৫১ মেডিকেল সেন্টার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রস্তুতির মধ্যে বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) ওয়েবসাইটে শুক্রবার (৬ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটের ‘অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার’ বিভাগে এসব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।
তালিকা অনুযায়ী, ঢাকার মতিঝিল, ফকিরাপুল, পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, বনশ্রী, রামপুরা, বনানী, উত্তরা, ধানমন্ডি, মগবাজার, কাকরাইল, মহাখালী, তেজগাঁও, বসুন্ধরা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় অনুমোদিত মেডিকেল সেন্টার রয়েছে। এ ছাড়া গাজীপুরেও একটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।
অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার। ফকিরাপুলে রয়েছে ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস।
পুরানা পল্টনে ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন পেয়েছে। নয়াপল্টনে রয়েছে আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিকসহ কয়েকটি প্রতিষ্ঠান।
এ ছাড়া বনানী, উত্তরা, ধানমন্ডি, রামপুরা, মগবাজার, মহাখালী, তেজগাঁও ও বসুন্ধরা আবাসিক এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুমোদিত মেডিকেল সেন্টার রয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি বেস্টিনেট এসডিএন বিএইচডির প্রয়োজনীয় নিরীক্ষা প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে প্রতিষ্ঠানগুলো।
মালয়েশিয়াগামী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্সের (ই-ভিডিআর) আবেদন প্রক্রিয়ায় এগোনোর আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।
এদিকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। অতিরিক্ত ফি আদায় ও চাকরিপ্রার্থীদের হয়রানি না করার বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
মেডিকেল অনুমোদন দ্রুত করার দাবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে মেডিকেল অনুমোদন দ্রুত করার দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ৬২টি রিক্রুটিং এজেন্সির পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ ফজলুল ইসলাম ইয়াসিন।
তিনি মেডিকেল অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) জন্য যৌক্তিক প্রসেসিং ফি নির্ধারণের আহ্বান জানান।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রস্তুতির মধ্যে ৫১টি মেডিকেল সেন্টারের অনুমোদনকে কর্মী নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।