গার্মেন্টসে অস্থিরতা তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন করেছে, তাদের এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের পেছনে সেই ফ্যাসিবাদী শক্তি কাজ করছে। দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছর দেশে ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী শাসন চলেছে। এ সময়ে অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন। এসব ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে।
তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাবমতে, ১ হাজার ৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে। এর আগে বিগত ১৬-১৭ বছরে ফ্যাসিবাদীদের সময়ে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। আমিও তার মধ্যে একজন ছিলাম। রব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন। আমি বেঁচে আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে প্রায় সাত হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাযজ্ঞ ও নির্যাতনের শিকার হয়েছেন। আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকেই শহীদ হয়েছেন। তাদের অনেকের নাম এখনো জানা যায়নি, জানা যায়নি কবরের ঠিকানাও।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই? তাহলে সেই ক্ষেত্র আজ কারা তৈরি করে দিচ্ছে?’
পোশাকশিল্পে চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে অতীতের সেই শক্তিকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
এর আগে শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টির বিষয়ে তিনি বলেন, যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন করেছে, তাদের এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। আওয়ামী লীগকে স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি দল আখ্যা দিয়ে তিনি বলেন, দলটি এখনো ক্ষমা চায়নি, অনুশোচনাও প্রকাশ করেনি।
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচন ও আন্দোলনের সময় অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম দ্বীন ও দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এসব প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদ, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে ১৬-১৭ বছর লেগেছে। এই দীর্ঘ সময়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
এ সময় ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা দলগুলোর সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিছু দল নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দিলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন চালুর বিষয়ে কোনো বক্তব্য নেই। তারা মুখে এক কথা বললেও দলীয় ইশতেহারে তার প্রতিফলন নেই বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির মাধ্যমে দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। দেশে ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব নাগরিকের একটি জাতীয় পরিচয় রয়েছে। এই পরিচয়ের ভিত্তিতেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ দেশের বিভিন্ন এলাকার শীর্ষ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।