EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে প্রায় পৌনে তিন লাখ টাকার ৪২৯২ লিটার তেল চুরি

ডেইলি সান রিপোর্ট, মাধবপুর (হবিগঞ্জ)

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে প্রায় পৌনে তিন লাখ টাকার ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

অ অ

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। বিশেষ কৌশলে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে (৫ নভেম্বর) নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রতনপুর গ্রামের ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

চুরি করা তেল মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হতো বলে জানিয়েছে জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন।

পুলিশ ও জিটিসিল সুত্রে জানা গেছে গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ি সংলগ্ন স্থানে এ চুরির ঘটনা উদঘাটন করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তাঁরা।

নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে অনুসন্ধানে পাইপলাইনে ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম।

এছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তাঁর বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে সুকৌশলে তেল বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে  থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি বলেন, এস আই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন