জনসংখ্যায় সব মেগাসিটিকে পেছনে ফেলে শীর্ষে জাকার্তা, দ্বিতীয় ঢাকা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
বিশ্বজুড়ে যেন থামার নাম নেই নগরায়ণের চাকা। জ্যামিতিক হারে বাড়ছে মেগাসিটিগুলোর জনসংখ্যা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক বড় বড় শহরের বাসিন্দার সংখ্যা এখন বিশ্বের বহু দেশের মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে ১ কোটির বেশি মানুষের বসতি রয়েছে—এমন মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। ৫০ বছর আগে, অর্থাৎ ১৯৭৫ সালে এমন শহর ছিল মাত্র আটটি।
জাতিসংঘের তথ্যানুযায়ী, এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশের ঢাকা। ২০২৫ সালের জনসংখ্যার ভিত্তিতে তৈরি এই তালিকায় এশিয়ার শহরগুলোরই আধিপত্য দেখা গেছে।
২০২৫ সালে ঢাকার জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৬ লাখে। ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের টোকিও নেমে গেছে তৃতীয় স্থানে।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে ২০২৫ সালের জনসংখ্যার তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ২০৫০ সালের সম্ভাব্য জনসংখ্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
২০২৫ সালে বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহর
১. জাকার্তা, ইন্দোনেশিয়া: ৪ কোটি ১৯ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ১৮ লাখ।
২. ঢাকা, বাংলাদেশ: ৩ কোটি ৬৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ২১ লাখ।
৩. টোকিও, জাপান: ৩ কোটি ৩৪ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৭ লাখ।
৪. নয়াদিল্লি, ভারত: ৩ কোটি ২ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৩৯ লাখ।
৫. সাংহাই, চীন: ২ কোটি ৯৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৪৯ লাখ।
যে কৌশলে হিসাব করা হয়েছে জনসংখ্যা
জাতিসংঘের নতুন পদ্ধতিতে শহরের প্রশাসনিক সীমানার বাইরেও আশপাশের সংযুক্ত ঘনবসতিপূর্ণ এলাকাকে জনসংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য স্যাটেলাইট ও আদমশুমারির তথ্য ব্যবহার করা হয়েছে। প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ জন বাস করেন এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার- এমন অবিচ্ছিন্ন এলাকাকে শহর হিসেবে গণ্য করা হয়েছে।
জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা বেড়ে ৫ কোটি ২১ লাখে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় জাকার্তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসবে ঢাকা। একই সময়ে জাকার্তার জনসংখ্যা হবে ৫ কোটি ১৮ লাখ।
সূত্র: আর্কআইজ