‘সংসদীয় ককাস’ এর প্রথম বৈঠক
শিশু অধিকার রক্ষায় আইন সংশোধনে উদ্যোগ নেওয়ার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে শিশু অধিকার সুরক্ষা, শিশু-বান্ধব আইন ও নীতি প্রণয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ককাসের সভাপতি শিরীন সুলতানা এমপির সভাপতিত্বে বৈঠকে ককাসের সদস্য ও সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংসদ সদস্য আন্না মিন্জ ও সংসদ সদস্য মাধবী মার্মা উপস্থিত ছিলেন।
শিশু অধিকার সুরক্ষায় বিদ্যমান আইন ও প্রস্তাবিত খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের পৃষ্ঠপোষক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, দেশে শিশু অধিকার ও সুরক্ষায় অনেক আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী প্রস্তাব উত্থাপন এবং বেসরকারি বিলের মাধ্যমেও সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে।
এ ছাড়া জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও প্রতিনিধিরা, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিনিধিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে শিশু অধিকার সুরক্ষা, শিশুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে সংসদীয় উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিশু অধিকার প্রতিষ্ঠায় দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের কোনো বিভাজন থাকা উচিত নয় উল্লেখ করে কায়সার কামাল বলেন, প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়তে সংসদ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে শিশু অধিকার সুরক্ষায় বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র হিসেবে কন্যাশিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশু, পাহাড়ি অঞ্চলের শিশু, অসহায়, এতিম ও দুস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
শিশুদের সুরক্ষায় আইনি ব্যবস্থার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন সম্পর্কে যথাযথ শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য শিরীন সুলতানা বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রমের সুফল যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।