স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চল, কাজে ফিরছেন শ্রমিকরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ শিল্পকারখানা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা। দাবির সমর্থনে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সহিংসতার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন ধরে বন্ধ রাখা হয় অনেক শিল্পকারখানা।
তবে বৃহস্পতিবার সকালে অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। যদিও কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।
এদিকে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মহাসড়ক ও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কাজে যোগ দিতে আসা শ্রমিকরা বলেন, গত কয়েক দিন ধরে তারা কারখানায় কাজে যোগ দিতে পারেননি। কারখানার সামনে আসার আগেই আন্দোলন দেখে ফিরে যেতেন। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন না থাকায় তারা কারখানায় প্রবেশ করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-6aebe810dd7f6.jpg)