জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সরকার। গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় এসব কর্মসূচি অনুমোদন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। সারা দেশে সাধারণ ছুটি থাকবে। সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। প্রধান সড়ক ও সড়কদ্বীপ সাজানো হবে জাতীয় পতাকায়।
এ ছাড়া মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। হাসপাতাল, কারাগার, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হবে। শিশুদের জন্য দেশের সব শিশু পার্ক বিনা মূল্যে উন্মুক্ত থাকবে। জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও আলোচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান প্রচার, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, দেশাত্মবোধক গানের আসর, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ আলোচনা সভা হবে। সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার উদ্যোগেও মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শিত হবে।