মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলনে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে কাঠেরপুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরে সকাল ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কাঠেরপুল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেন। শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষের সূত্রপাত হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফতুল্লার কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ওই দিন শিবু মার্কেট এলাকায় বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন তাঁরা। এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো শ্রমিকেরা সড়কে নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে শিবু মার্কেট এলাকায় জড়ো হওয়া শ্রমিকেরা পরে জালকুড়ি এলাকায় গেলে বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এতে ১২ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ছয় শ্রমিককে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।