EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ শুরু, হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ শুরু, হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রতীকী ছবি

অ অ

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে পাশের সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, হেমায়েতপুর ও পদ্মার মোড় বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড, পদ্মার মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে শ্রমিকদের একটি অংশ শান্ত হয়ে এলাকা ছেড়ে চলে যান। শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন