সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে নতুন উদ্যোগ ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় বাড়ানো এবং একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়াতে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সংসদ ভবনে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভায় কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ অংশ নেন।
সভায় ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রকল্পের কাজের সুষ্ঠু বাস্তবায়ন, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়ানোর ওপর গুরুত্ব দেন সদস্যরা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের নাম ‘ই-পার্লামেন্ট’ থেকে পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কার্যক্রমে কোনো ধরনের কাজের পুনরাবৃত্তি বা দ্বৈততা আছে কি না, তা যাচাই করতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জকে নিয়ে এ উপকমিটি গঠন করা হয়েছে।
উপকমিটিকে প্রকল্পের সংশ্লিষ্ট কার্যক্রম বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
