ঠাকুরগাঁওয়ে বিসিডিএস সভাপতিকে অপসারণের ঘোষণা
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. মো. ইহসানুল ইসলামকে অপসারণের ঘোষণা দিয়েছেন কমিটির ১৫ সদস্য। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন তাঁরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের কালিবাড়ী এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত ও মৌখিক বক্তব্যে সদস্যরা অভিযোগ করেন, সভাপতি দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠন পরিচালনা করছেন। সতর্ক করার পরও তিনি অবস্থান পরিবর্তন করেননি। এমনকি কার্যালয়ে তালা দিয়ে অন্য সদস্যদের প্রবেশে বাধা দিয়েছেন।
সদস্যরা জানান, ১৭ সদস্যের কমিটির ১৫ জনের সর্বসম্মতিক্রমে রেজুলেশন গ্রহণ করে তাঁকে সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ডা. আবু তাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে ডা. ইহসানুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
