মিরপুরে একা পেয়ে পুলিশ সদস্যকে বেধড়ক পেটালেন পোশাকশ্রমিকরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি ভিডিও থেকে নেওয়া
রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। আহত ওই কনস্টেবলের নাম মো. সাইমন। তিনি বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় কয়েকজন তাদের থামানোর চেষ্টা করছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ১১ নম্বর এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর শ্রমিকেরা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর ১১ নম্বরের দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তার ওপর হামলা চালান শ্রমিকেরা।
এর আগে সকাল ১০টার দিকে মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করে পুলিশ।