EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে চাপ: পেট্রোবাংলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে চাপ: পেট্রোবাংলা
অ অ

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন খবরকে গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী চার দিন গ্যাসের সরবরাহ কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যেতে পারে, তবে সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—মর্মে একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে আগামী চার দিন গ্যাসের সরবরাহ দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

ফলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে কোনো কোনো এলাকায় সরবরাহ সাময়িকভাবে কমে যেতে পারে এবং স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

আরও পড়ুন