EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত

অ অ

সকাল থেকেই আশুলিয়ার নরসিংহপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। পরে হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও সেখানে যোগ দেন।

একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জলকামান প্রস্তুত রাখা হয়েছে।


আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন