সরকারি ক্রয়ে স্বচ্ছতা বাড়াতে নতুন আইনের খসড়া অনুমোদন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়াতে নতুন আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উদ্যোগে আইনটির খসড়া তৈরি করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়াটি চূড়ান্ত অনুমোদন করেছে।
সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’। এ আইন এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।
নতুন সংশোধনের লক্ষ্য দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা এবং সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো। এ জন্য নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতি আধুনিক করা এবং সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার বাড়ানোর বিধান রাখা হয়েছে। পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান আরও স্পষ্ট করার প্রস্তাবও রয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর বিধানও যুক্ত করা হয়েছে।
জনমত যাচাইয়ের জন্য খসড়া আইনটি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশটি আইনে পরিণত করতে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিল আকারে উপস্থাপন করতে হবে।
