সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত
দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত বাড়াতে নতুন আইন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বিদ্যুৎ বিভাগের উদ্যোগে তৈরি করা আইনটির খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠকে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ অনুমোদন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে কার্যকর হবে।
এর আগে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশটি জাতীয় সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করতে হবে।
অধ্যাদেশটিকে আইনে পরিণত করতেই নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
