EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া।

তিনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্স, একটি কারখানার গুদাম ও একটি গাড়িতে আগুন দেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের প্রায় ১০০টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন