ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন: আনসার মহাপরিচালক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ব্যক্তিগত প্রত্যাশা ও সাফল্যের পাশাপাশি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (১ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরে ৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ জন নবীন কর্মকর্তাকে বরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বৃহত্তম জনসম্পৃক্ত শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। প্রায় ৬০ লাখ সদস্যের এই বাহিনীর প্রতিটি সদস্যের দায়িত্ব ও ভূমিকা আলাদা। তবে জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জনকল্যাণে সবার সম্মিলিত অবদান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্যক্তিগত প্রত্যাশা ও কর্মজীবনের লক্ষ্যকে বাহিনীর প্রাতিষ্ঠানিক লক্ষ্য, আদর্শ ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সাংগঠনিক উৎকর্ষ অর্জন এবং জাতীয় স্বার্থে অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।
মহাপরিচালক আরও বলেন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং আর্থসামাজিক উন্নয়নেও এ বাহিনী ভূমিকা রাখছে। এসব কার্যক্রমে সদস্যদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বাহিনীর সদস্যদের সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষ, সুসংগঠিত ও জনবান্ধব বাহিনী গড়ে তুলতে হবে। এ জন্য মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।
দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
