বিজয়নগরে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ রাহানা বেগম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় এসআরবি-৯ ও বিজিবির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইলের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালাছড়া এলাকার একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। খবর পেয়ে দলটি সেখানে পৌঁছালে একজন পালানোর চেষ্টা করেন। তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, তাঁর হেফাজতে এসকাফ সিরাপ আছে। তাঁর দেখানো তথ্যমতে একটি টিনশেড মাটির ঘরের খাটের নিচে চটের বস্তায় মোড়ানো চারটি কার্টন থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাহানা বেগম কালাছড়া এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।