মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে, খুলেছে বন্ধ মেট্রো স্টেশন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। বন্ধ করে দেওয়া মেট্রোরেল স্টেশনগুলোও খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে মেট্রোরেল চলাচল ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে এমআরটি পুলিশ কন্ট্রোলরুম ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল জানায়, বর্তমানে সব মেট্রো স্টেশন খোলা রয়েছে। মেট্রোরেল চলাচলও স্বাভাবিক হয়েছে।
এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে দুপুরে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানা গেছে।
মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক মিরপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পুলিশের কোনো সদস্য আহত হননি।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম জানান, বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।