EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন
অ অ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ফের বিক্ষোভ ও অবরোধ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। তাদের আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় কোনাবাড়ীর একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের দিকে আসতে থাকেন।

ন্যূনতম মজুরির দাবিতে সকালে কালিয়াকৈরের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর থাকা একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেন।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

আরও পড়ুন