EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অ অ

ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়—এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাদের প্রধান দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাদের কার্যক্রমের ওপর নির্ভর করে।

তিনি বলেন, কর্মজীবনে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ প্রতিপালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডার অন্যান্য ক্যাডার সার্ভিসের চেয়ে সম্পূর্ণ আলাদা। এসব বাহিনীর কর্মকর্তাদের অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে হয়। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

আরও পড়ুন