৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
তিনি জানান, রবিবার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন সদস্য মোতায়েনের কথা রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর জেলা প্রশাসনের ৫ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।