EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আজ রোববার (১ নভেম্বর) থেকে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। তবে নতুন ব্যবস্থা চালুর আগেই রুট বরাদ্দ ও বাসের ফিটনেস নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে চলাচল করা রজনীগন্ধা পরিবহনকে এবার কাঁচপুর রুট বরাদ্দ দেওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে।

বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে জানা গেছে, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কার্যক্রমটির উদ্বোধন করতে পারেন।

রজনীগন্ধা পরিবহনের চালক মো. আমির বলেন, তাঁদের কোম্পানি ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে বাস চালালেও এবার কাঁচপুর রুট বরাদ্দ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাস মালিক সমিতির মাধ্যমে ডিটিসিএতে আবেদন করা হয়েছে।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, রজনীগন্ধা, প্রজাপতি ও পরিস্থানসহ কয়েকটি কোম্পানি রুট বরাদ্দ নিয়ে সমস্যায় রয়েছে। কিছু বাসের ফিটনেস ও নির্ধারিত রঙ নিয়েও জটিলতা আছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে। কয়েকটি কোম্পানি শুরুতে যুক্ত হতে না পারলেও কার্যক্রম চালু হবেস

ছয় রুটে ৮১৬ বাসের পরিকল্পনা

প্রস্তাবিত পরিকল্পনায় ছয়টি রুটে ৮১৬টি বাস চালানোর কথা রয়েছে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস। রুট ও কোম্পানিভিত্তিক বাসের সংখ্যা হলো—

শিববাড়ী-ঢাকেশ্বরী মন্দির: ভিআইপি পরিবহনের ২৫৩টি বাস

মিরপুর চিড়িয়াখানা-কেরানীগঞ্জ: চিড়িয়াখানা সিটি বাসের ১৩৩টি

ঘাটারচর-ডেমরা: রমজান আলী এন্টারপ্রাইজের ৭০টি

ঘাটারচর-কাঁচপুর: ফোর স্টার বাস লাইনের ১৫০টি

ঘাটারচর-ধউর: পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি

টঙ্গী-ঢাকেশ্বরী মন্দির: ঢাকা চাকার ২০টি এসি বাস

এ ছাড়া ফার্মগেট, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি সার্কুলার রুটে ৬০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।


নতুন ব্যবস্থায় প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানি বাস পরিচালনা করবে। এতে একই রুটে একাধিক কোম্পানির মধ্যে যাত্রী ধরার প্রতিযোগিতা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ডিটিসিএর সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বাস নেটওয়ার্ককে ৩২টি করিডোরে পুনর্বিন্যাসের পাশাপাশি নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকিটিং ও জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো, অসুস্থ প্রতিযোগিতা বন্ধ এবং যাত্রীসেবার মান উন্নত করাই এ উদ্যোগের লক্ষ্য। তবে রুট বরাদ্দ ও বাসের মান নিয়ে জটিলতা নতুন ব্যবস্থার শুরুতেই চ্যালেঞ্জ তৈরি করেছে।

আরও পড়ুন