EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপি নিউজে ভেসে উঠল রাজনৈতিক স্লোগান ও সহিংসতার দৃশ্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

ডিএমপি নিউজে ভেসে উঠল রাজনৈতিক স্লোগান ও সহিংসতার দৃশ্য

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে হঠাৎ ভেসে উঠেছে রাজনৈতিক স্লোগান ও সহিংসতার বিভিন্ন দৃশ্য। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার চিত্র এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি দেখা যাচ্ছে। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক। এ ঘটনায় পোর্টালটি হ্যাক বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হচ্ছিল।

ঘটনার পর একপর্যায়ে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। তবে পোর্টালটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ ও মেসেজ পাঠানো হলেও তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন