এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, অকৃতকার্যদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে: মাহ্দী আমিন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
২০২৬ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার আদলে এইচএসসির উত্তরপত্রও পূর্ণাঙ্গভাবে পুনর্নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
শনিবার (৩১ অক্টোবর) তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন থেকে যেন একটি বছর ঝরে না যায়, সে লক্ষ্যেই দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা দীর্ঘসূত্রতা ছাড়াই উচ্চশিক্ষার পরবর্তী ধাপে যুক্ত হতে পারবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মাহ্দী আমিন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। উত্তীর্ণ হয়েছে মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।
তিনি জানান, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের ৫৬ দশমিক ৩১ শতাংশ। জাতীয় পর্যায়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
মাহ্দী আমিন বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় ঠেকাতে শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভির আওতা বাড়ানোর পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় উত্তরপত্র মূল্যায়নও শতভাগ নির্মোহভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি। মাহ্দী আমিন বলেন, জিপিএ-৫ কিংবা পাসের হার কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মেধার প্রকৃত মূল্যায়ন এবং প্রশ্নপত্রের মান বজায় রেখে সততার সঙ্গে খাতা দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের মেধা, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্প গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। তবে এইচএসসির ফলাফল কোনো শিক্ষার্থীর জীবনের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি নয়। অনেকেই উচ্চমাধ্যমিকে প্রত্যাশিত ফল না করেও পরবর্তী জীবনে সফল হয়েছেন। তাই অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, সবাইকে চিকিৎসক বা প্রকৌশলী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক শিক্ষার্থীর মেধা, মনন ও পছন্দ বিকাশের সমান সুযোগ তৈরি করা। উচ্চমাধ্যমিকের পর কর্মজীবনে প্রবেশে আগ্রহীদের জন্য তিন মাস, ছয় মাস কিংবা এক বছর মেয়াদি আধুনিক কারিগরি শিক্ষা, ভোকেশনাল কোর্স ও তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ তৈরিতে আন্তমন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা যেন নিজেদের পছন্দ অনুযায়ী বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান, সে ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, সরকারের শিক্ষা ভাবনার মূল লক্ষ্য মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা। যারা শুধু নিজেদের পরিবারের সচ্ছলতা আনবে না, বরং স্বনির্ভর বাংলাদেশ গড়তেও নেতৃত্ব দেবে।
বক্তব্যের শেষ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান মাহ্দী আমিন। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।