আসাদুল হাবিব দুলু
শিক্ষার্থীরা কেন সরকারি স্কুল ছাড়ছে, খতিয়ে দেখার নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত
সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও মিড-ডে মিলসহ নানা সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীরা কেন অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত গড়ে তোলে। উন্নত, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।
