সাজেক সড়কে ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ
১ নভেম্বর নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর আগের মতোই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে
ডেইলি সান রিপোর্ট, রাঙামাটি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সড়কে টানা নয় দিন ধরে চলা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টার জন্য শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আন্দোলনকারী সংগঠনগুলো।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ মানুষের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর (রোববার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখা হবে। পাশাপাশি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদ্যাপিত হতে পারে, সে বিষয়টি বিবেচনা করেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ১ নভেম্বর নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর আগের মতোই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।