এলডিসি উত্তরণ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতিফলন: মাহদী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ।
মাহদী আমিন বলেন, সুপরিকল্পিত উদ্যোগ, ফলপ্রসূ কর্মযজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সময় বাড়ানো সম্ভব হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি, শিল্পকারখানা, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আরও তিন বছর সময় পাওয়া যাবে।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর যেন অযাচিত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়টি এই সিদ্ধান্তের তাৎপর্য তুলে ধরে।
মাহদী আমিনের ভাষ্য, এই অর্জন কেবল সময় বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে বৈশ্বিক সমর্থন আদায়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন এটি।