EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির কারণ সন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির কারণ সন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

অ অ

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নারিতা-ঢাকা রুটের বিশেষ ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হওয়া এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং দায়-দায়িত্ব নির্ধারণে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন সেলের পরিচালক মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, গঠিত এই বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্রশাসন ও সিভিল) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।

এছাড়া কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবস্থাপক (আইনবিষয়ক) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। তদন্তের প্রয়োজনে কমিটি চাইলে বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

তদন্ত কমিটিকে মূলত কয়েকটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ উড্ডয়নের ঠিক আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার মূল কারণ ও ধরন উদ্ঘাটন করা।

ত্রুটি শনাক্তকরণ ও তা নিরসনে গৃহীত কারিগরি ও অপারেশনাল কার্যক্রমের মূল্যায়ন করা এবং ভবিষ্যতে ডেডিকেটেড বা বিশেষ এয়ারক্রাফটের উপযোগিতা নিশ্চিত করার রূপরেখা তৈরি করা।

কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, সম্মানিত যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে তা নিরূপণ করা।

ঘটনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা নীতিগত বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দোষীদের চিহ্নিত করা।

অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, গঠিত কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত সম্পন্ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে। এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন