যাত্রাবাড়িতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় আরিয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ির জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান (২৭) যাত্রাবাড়ীতেই নবীনগর মীর হাজিরবাগ এলাকায় থাকতেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে।
ফুটপাতে জুতা বিক্রির কাজ করতেন তিনি। অভিযুক্ত গাড়ির এখনও খোঁজ মেলেনি।
আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান ব্যবসায়িক কাজ সেরে ভোররাত সাড়ে ৩টার দিকে বাসায় ফিরছিলেন। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন।
সোহাগ বলেন, “পরবর্তীতে স্থানীয় পথচারীরা আরিয়ানের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে আমাকে ফোন দেন। আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।
তিনি বলেন, “সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। কিন্তু সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিয়ানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
সোহাগ মিয়া বলেন,‘‘ বছরখানেক আগে বিয়ে করেন আরিয়ান। তার স্ত্রী মিম বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই ও এভাবে চলে গেল। আমরা মানতেই পারছি না।’’
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।