৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বই ছাপার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় তিনি বই ছাপার প্রক্রিয়া, মুদ্রণযন্ত্র, কাগজের মান এবং ছাপার গুণগত মান পরীক্ষা করেন। কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে অসংগতি দেখতে পান তিনি। এ ধরনের ত্রুটি যেন বেশি সংখ্যক বইয়ে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবই ছাপার দায়িত্ব নেওয়ার অর্থ নির্ধারিত মান বজায় রেখে কাজ শেষ করা। মুদ্রণযন্ত্রের সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে আপস করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা থাকলে দরপত্রে অংশ নেওয়ার আগেই তা বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, শুধু বই ছাপার কাজ শেষ করলেই হবে না। প্রতিটি বই নির্ধারিত মান অনুযায়ী ছাপা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। তাই নিম্নমানের কাজ বা অবহেলা গ্রহণযোগ্য নয়।
আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্র ব্যবহার করে বই ছাপালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি ভবিষ্যতে আধুনিক ও উপযুক্ত সক্ষমতাসম্পন্ন যন্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে এনসিটিবি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মুদ্রণপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
