EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দুই মাসে ওয়াসার কাজে গতি না এলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

দুই মাসে ওয়াসার কাজে গতি না এলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: সংগৃহীত

অ অ

আগামী দুই মাসের মধ্যে ঢাকা ওয়াসার কাজে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজে গতি আনতে ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সংস্থাটির কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় চলমান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে দাশেরকান্দি পয়ঃশোধনাগার থেকে গুলশান, বনানী ও বারিধারায় পাইপলাইন সংযোগের কাজ দ্রুত শেষ করতে বলেন। পাশাপাশি পূর্বাচলে পানির নেটওয়ার্ক স্থাপনের জন্য দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত সাত মাসে ওয়াসার কাজে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি জানান, দেশের সব ওয়াসার বোর্ড বিলুপ্ত করতে আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বোর্ডের হস্তক্ষেপে অনেক সময় কাজের গতি কমে যায় বলেও মন্তব্য করেন তিনি। 

সভায় জানানো হয়, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ও সরবরাহ উভয়ই ৩১৪ কোটি লিটার। বর্তমানে ঢাকা ওয়াসার পানির ৭৪ শতাংশ আসে ভূগর্ভস্থ উৎস থেকে। বাকি ২৬ শতাংশ আসে ভূ-উপরিস্থ উৎস থেকে।

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ জন্য ভূ-উপরিস্থ পানির প্রকল্পগুলো দ্রুত শেষ করতে বলেন তিনি। এতে ভূমিকম্পের ঝুঁকি কমাতেও সহায়তা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ওয়াসার নিজস্ব আয় বাড়ানো এবং বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। গ্রাহকসেবা উন্নত করতে স্বয়ংক্রিয় মিটার রিডিং ও বিলিং ব্যবস্থা চালুর কথা বলেন তিনি। পাশাপাশি ২০৫০ সালের চাহিদা বিবেচনায় সংস্থাটির জনবল কাঠামো নতুন করে সাজানোর নির্দেশ দেন।

পানির অবৈধ সংযোগ বন্ধে অভিযান জোরদার করার কথাও বলেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ দেন তিনি। জনসেবায় রাজনৈতিক প্রভাব না খাটাতে ওয়াসার কর্মচারী সংগঠনগুলোকেও সতর্ক করেন। এ ছাড়া পানির অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামান। এতে ওয়াসার কর্মকর্তা, প্রকৌশলী সমিতি, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সিবিএ নেতারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন