মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ
ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসে নীলসাগর এক্সপ্রেস। মির্জাপুর স্টেশন পার হওয়ার প্রায় পাঁচ কিলোমিটার পর মহেড়া স্টেশনের প্রায় দুই কিলোমিটার পূর্বে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের টিকিট পরিদর্শক (টিটি) রাসেল চালককে বিষয়টি জানান। এরপর চালক মহেড়া স্টেশনের কাছে ট্রেনটি থামান।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রকিবুল হাসান জানান, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাইনচ্যুত বগিগুলো রেখে বাকি অংশ নিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্ব স্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।
