EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, নিরাপত্তায় ৫ হাজার ৩০০ সদস্য

১৮৫ কেন্দ্রে ভোট দেবেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার, প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ এএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, নিরাপত্তায় ৫ হাজার ৩০০ সদস্য
অ অ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচন ঘিরে ইতিমধ্যে ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে থাকবেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ হাজার ৩০০ সদস্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় শূন্য হওয়া আসনটিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসনটির ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ৯৮৯টি ভোটকক্ষে ভোট দেবেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এ ছাড়া দায়িত্বে থাকবেন তিনজন বিচারিক হাকিম, ২৫ জন নির্বাহী হাকিম এবং নির্বাচন অনুসন্ধান কমিটির তিনজন সদস্য।

নির্বাচনি মাঠে থাকবে ৯০টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি নির্বাচন কমিশনের ২৫ জন নিজস্ব পর্যবেক্ষক, চারজন বিদেশি পর্যবেক্ষক এবং দেশি ও স্থানীয় পর্যায়ের ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
আরও পড়ুন