মাছ-মাংস-ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে তদন্তের সুপারিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট ও মধ্যস্বত্বভোগীদের অন্যায্য মুনাফা রোধে কঠোর অবস্থানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।
কমিটি বলেছে, নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষের দাম অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোনো অনিয়ম, কৃত্রিম সংকট বা মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার ভূমিকা আছে কি না, তা যাচাই করতে হবে। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও যৌথ তদারকি চালাতে জোর সুপারিশ করা হয়েছে। তদন্তে অভিযোগের প্রকৃত অবস্থা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম এমপি, অধ্যাপক নজরুল ইসলাম এমপি, এম এ হান্নান এমপি, আলী আজম মো. আবু বকর এমপি ও মো. আমির হামজা এমপি উপস্থিত ছিলেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদও বৈঠকে অংশ নেন।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, জলাশয়ে অভয়াশ্রম স্থাপন এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাজার তদারকিও অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া সামুদ্রিক মৎস্যসম্পদ অনুসন্ধান, মাছ আহরণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির সুপারিশ করা হয়। পরিকল্পনাটি পরে কমিটির কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পরবর্তী বৈঠকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।