নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
নারী ও শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন বিষয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ (Gillian Mellsop) উপস্থিত ছিলেন।
বৈঠকে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুদের শিক্ষা ও পুষ্টি, স্কুলে দুপুরের খাবার, কিশোর-কিশোরী ক্লাব, মানসিক সহায়তা এবং ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়। এ ছাড়া নারী ও শিশুদের সুরক্ষায় বিভিন্ন আইন বাস্তবায়নের বিষয়ও উঠে আসে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইউনিসেফ উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ জন্য তিনি সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নারী ও শিশুদের কল্যাণ, শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এসব উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবগুলোও ভূমিকা রাখছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, মানুষের অধিকার ও কল্যাণে সরকার ও উন্নয়ন সহযোগীদের উদ্যোগ আরও জোরদার হবে। একই সঙ্গে সব শিশুর জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ নারী ক্ষমতায়ন, নারী-পুরুষের সমান অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব শেষে জিলিয়ান মেলসপ অবসরে যাচ্ছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে মন্ত্রী অভিনন্দন জানান এবং অবসরজীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
