এনআইডি সার্ভার বন্ধ, গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত
সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুতই সার্ভার চালু হয়ে যাবে।’
এদিকে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির এক দশকের পুরোনো গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন।
এরপর ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই সাইবার হামলার আশঙ্কায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ এবং ফিনল্যান্ড সরকারসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।