হাত ধোয়ার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত
ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে পানির অপচয় রোধ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার কথা জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেন তিনি।
ঢাকার পানি সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর ৭৪ শতাংশ আসে ভূগর্ভস্থ উৎস থেকে এবং বাকি ২৬ শতাংশ নদীর পানি থেকে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে ঢাকায় অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের প্রকল্প নেওয়া হয়েছে। এ সময় পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণ এবং নিয়মিত খেলাধুলার প্রতিও গুরুত্ব দেন মীর শাহে আলম।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সরকার হস্তক্ষেপ করবে না। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।
