প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বিমানবন্দর ও এয়ার নেভিগেশন ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ জনবল তৈরি এবং প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অষ্টম আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনার-২৬-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।
তিনি বলেন, বিমান চলাচল খাতের টেকসই উন্নয়নে বিমানবন্দর, টার্মিনাল ও এয়ার নেভিগেশন ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। এ জন্য দক্ষ জনবল গড়ে তোলা, মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে।
সেমিনারে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ফ্লাইট সেফটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জীবন ও সম্পদ রক্ষা, কার্যক্রমের প্রস্তুতি বজায় রাখা এবং বিমান চলাচল খাতের টেকসই উন্নয়নে ফ্লাইট সেফটি একটি কৌশলগত দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শক্তিশালী উড্ডয়ন নিরাপত্তা সংস্কৃতি, পেশাগত শৃঙ্খলা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন।
সেমিনারে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কাজ ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে ২২টি দেশের সামরিক ও বেসামরিক বিমান চলাচল খাতের প্রতিনিধিরা অংশ নেন।
