বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন মন্তব্য, জামায়াত নেতাকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে জামায়াতের এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত আবদুর রশিদ রুহিয়া থানা জামায়াতের আমির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তকারী কমিটি তাকে এ অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে আবদুর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেছেন।
জানা যায়, গত ২২ অক্টোবর সকালে রুহিয়া থানার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সভা হয়। সেখানে আবদুর রশিদ ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে মাইকে অশালীন ভাষায় কুৎসা রটনা করেন এবং আক্রমণাত্মক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ (ক) বিধি লঙ্ঘনের অভিযোগে আবদুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সাক্ষীদের জবানবন্দিও লিপিবদ্ধ করা হয়।
সদর উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে আবদুর রশিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘আমি একটি জানাজায় আছি। ফিরে এসে এ বিষয়ে দেখব।’