EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আর্থিক সংকটে এসএসসি অনিশ্চিত ছিল শুভর, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

আর্থিক সংকটে এসএসসি অনিশ্চিত ছিল শুভর, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন
অ অ

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু প্রায় দুই বছরের স্কুলের বকেয়া বেতন, পরীক্ষার ফি ও এসএসসি পরীক্ষার নিবন্ধন ফি দিতে না পারায় অনিশ্চয়তায় পড়ে তার শিক্ষাজীবন। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ) ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির আর্থিক সহায়তায় এখন পরীক্ষায় অংশ নেওয়ার পথ সুগম হচ্ছে শুভর।

শুভর বাড়ি গাজীপুরের পাজুলিয়া গ্রামে। তার বাবা জীবিকার তাগিদে এলাকার ডেইরি ফার্ম থেকে দুধ কিনে বাজারে বিক্রি করেন। পাশাপাশি অন্যের জমিতে কৃষিকাজ করেন। এভাবেই কোনোমতে চলে তাদের সংসার। সীমিত আয়ের এই পরিবারে ছেলের পড়াশোনার খরচ জোগানো ছিল কঠিন।

তবে প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন শুভ। গত চার বছর ধরে বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তির আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন তিনি। এই অর্থ তার পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিন্তু এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার পর পরিবারের আর্থিক সংকট আরও বেড়ে যায়। বৃত্তির টাকা দিয়ে কোচিংয়ের মাসিক বেতন পরিশোধ করলেও স্কুলের বকেয়া বেতন, পরীক্ষার ফি ও নিবন্ধন ফি জোগাড় করা সম্ভব হচ্ছিল না।

শুভর এই সংকটের কথা জানতে পেরে তার শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর করতে এগিয়ে আসে এবিজি ফাউন্ডেশন। গতকাল রবিবার গাজীপুর মহানগরের চাপুলিয়ায় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে এ সহায়তা দেওয়া হয়। শুভর দুই বছরের বকেয়া স্কুলের বেতন, পরীক্ষার ফি, এসএসসি পরীক্ষার নিবন্ধন ফিসহ অন্যান্য বকেয়া পরিশোধের জন্য অনুদান দেওয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার, শিক্ষার্থী তাসলিম আহমেদ শুভ ও তার মা নাছিমা বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন কালের কণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক লুৎফর রহমান।

মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার বলেন, বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি শুধু গাজীপুরেই নয়, সারা দেশে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা এগিয়ে নিতে সহায়তা করছে। এর ফলে শিক্ষার্থীরা প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দেশের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের মানবিক উদ্যোগ পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

সহায়তা পেয়ে শুভর মা নাছিমা বেগম এবিজি ফাউন্ডেশন ও বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভাবের কারণে যে শিক্ষাজীবন থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, এবিজি ফাউন্ডেশনের সহায়তায় সেই অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে শুভর। তার মতো আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

আরও পড়ুন