রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের তৃতীয় চালান
ডেইলি সান রিপোর্ট, পাবনা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের তৃতীয় চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে তিনটি ট্রাক কেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা ৪৮ মিনিটে ট্রাকগুলো দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। এ সময় ট্রাকের বহরকে সামরিক বাহিনীর সদস্যরা পাহারা দিয়ে নিয়ে আসেন। নিরাপত্তার অংশ হিসেবে সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে সোমবার সকালে রাশিয়া থেকে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছায় ইউরেনিয়ামবাহী বিশেষ উড়োজাহাজ। অ্যাভিয়াকন জিতোট্রান্স পরিচালিত AZS-6713 ফ্লাইটে ১২টি টিপিএসে (TPS) মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি আনা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রাকগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও নয়টি ফ্লাইটে পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। এসব চালানে ইউনিট-১-এর জন্য ৪৮টি এবং ইউনিট-২-এর জন্য ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি আনার কথা রয়েছে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ৮ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। ২০ থেকে ২৩ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করে।
কেন্দ্রের পরবর্তী ধাপে বিদ্যুৎ উৎপাদন চালুর প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম চলছে। এসব কার্যক্রমের অগ্রগতি এবং প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জহেদুল হাসান জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। তবে এ সময়সীমা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদনের ওপর নির্ভরশীল।
-6ae031408cd39.jpg)